মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান- এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থলবাহিনী পাঠিয়ে হামলা চালায়, তবু ইরান তা মোকাবিলার জন্য প্রস্তুত।
আরাঘচি বলেন, “আমরা তোমাদের স্থলবাহিনীর জন্য অপেক্ষায় আছি।” তার এই বক্তব্যের অর্থ সম্ভাব্য স্থল আক্রমণের ক্ষেত্রেও ইরান প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করতে পারে। তবে এই অভিযানে সরাসরি স্থলবাহিনী মোতায়েন করা হবে কি না এবং তেহরানের নেতৃত্বকে উৎখাতের উদ্দেশ্যে পূর্ণাঙ্গ আক্রমণ চালানো হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
স্থল অভিযানের বিষয়ে আরাঘচির আগে ইরানের সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানিও আরো কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। স্থল অভিযানে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়ে লারিজানি এক্স হ্যান্ডলে লেখেনন, “তোমাদের অপেক্ষায় ইরান; আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তত।”
তিনি আরো লেখেন, “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন, তারা কয়েক হাজার সৈন্য নিয়ে স্থলপথে ইরানের ভেতরে ঢোকার পরিকল্পনা করছেন। ইমাম খোমেনি ও ইমাম খামেনির সাহসী সন্তানেরা তোমাদের জন্য অপেক্ষা করছে। দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার সৈন্যকে হত্যা ও বন্দী করে অপমানিত করতে তারা প্রস্তুত।”