আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ‘অসাধারণ’ করছে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ‘অসাধারণ’ যুদ্ধ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে ইসরায়েলের সঙ্গে সমন্বিত বিমান হামলার প্রায় এক সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন। খবর ফক্স নিউজের। 

শুক্রবার (৬ মার্চ) ট্রাম্প বলেন, “কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘শূন্য থেকে ১০-এর মধ্যে আপনি একে (মার্কিন সামরিক বাহিনীকে) কত নম্বর দেবেন?’ আমি বলেছি, ‘আমি ১২ থেকে ১৫ দেব।’ তাদের (ইরানের) সেনাবাহিনী শেষ। তাদের নৌবাহিনী শেষ। তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তাদের নেতারা নেই। নেতাদের দুটি স্তরই এখন শেষ।”

হোয়াইট হাউজে কলেজ ক্রীড়া বিষয়ক একটি গোলটেবিল আলোচনার শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্যগুলো করেন।

ট্রাম্প বলেন, “ইরানের বিমান বাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। চিন্তা করে দেখুন, তাদের ৩২টি জাহাজ ছিল। সবকটিই এখন সমুদ্রের তলদেশে। আমাদের সামরিক বাহিনী অসাধারণ কাজ করছে।”

তিনি আরো বলেন, “খুবই খারাপ এবং অসুস্থ একদল নেতার সাথে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যারা অনেক মানুষকে হত্যা করছিল, আমাদের অনেক লোক মারা যাচ্ছিল বা পঙ্গু হচ্ছিল... আমাদের কাছে পথ খোলা ছিল। আমরা হয় এটা বছরের পর বছর সহ্য করতে পারতাম, অথবা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম। আমরা ব্যবস্থা নিয়েছি।”

ট্রাম্প দাবি করেন, “মানুষ আমাদের সামরিক বাহিনীর ওপর অত্যন্ত মুগ্ধ। ভেনেজুয়েলায় যা ঘটেছে, এখন যা ঘটছে এবং এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে যা করা হয়েছে- যেখানে ইরানের পারমাণবিক সক্ষমতা বা সম্ভাবনা ধ্বংস করে দেওয়া হয়েছে- তা দেখে মানুষ আমাদের সামরিক বাহিনীকে শ্রদ্ধা করছে।”

তিনি যোগ করেন, “আমি মনে করি বর্তমানে আমরা এমন একটি দেশ যাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করা হচ্ছে।”

এর আগে শুক্রবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনো চুক্তিতে যাবে না।

ট্রাম্প আরো লিখেন, “এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক চমৎকার ও সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি বড়, উন্নত এবং শক্তিশালী করে তোলা হবে। ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ‘মেক ইরান গ্রেট এগেইন’!”