আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে আটক ১২৪ জন বাংলাদেশি 

অবৈধ অনুপ্রবেশের ও অবৈধ বসবাসের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে পুলিশি অভিযানে আটক করা হয়েছে ১২৪ জন বাংলাদেশিকে। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে কর্নাটকের বেঙ্গালুরু সিটি পুলিশ ২০০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১২৪ জন বাংলাদেশি। আটককৃতদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ৩৪ জন শিশু রয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, আটককৃতরা প্রত্যেকেই গত কয়েক বছর ধরে অবৈধভাবে  বেঙ্গালুরু শহরের কাদুগোডি এবং ভার্থুর থানার অন্তর্গত বিভিন্ন অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে সেখানে বসবাস করছিলেন। শুক্রবার বেঙ্গালুরু এবং আশেপাশে অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিকদের শনাক্তকরণ করতে কেন্দ্রীয় অপরাধ শাখার (সিসিবি) চারটি দল এই তল্লাশি অভিযান পরিচালনা করে। আটককৃতদের কারো কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের কোনো বৈধ নথি ছিল না। 

বর্তমানে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বাংলাদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানো সহ আনুষঙ্গিক পদক্ষেপ নিতে বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে।    সিটি পুলিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারের নির্দেশে অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত কয়েকদিন ধরেই বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সাথে সাথে অভিযানও অব্যাহত থাকবে।