‘ঘৃণ্য’ হামলা অব্যাহত থাকলে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে সৌদি আরব।
রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।
এ হামলা তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা শুধু সৌদি আরব নয়, উপসাগরীয়, আরব ও ইসলামিক দেশগুলোকেও লক্ষ্য করছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর ও তেল স্থাপনার মতো বেসামরিক স্থানের ওপর হামলা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি এবং আন্তর্জাতিক সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন ছাড়া কিছু নয়।
তেহরানের দাবি, সৌদি আরব যুদ্ধের জন্য নিজের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। ইরানের এ দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে সৌদি আরব।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে তা অতিরিক্ত উত্তেজনার ইঙ্গিত দেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।
মন্ত্রণালয় আরো বলেছে, “আমরা জোর দিয়ে বলছি, ইরানের এখনকার কার্যক্রম আমাদের দেশের প্রতি কোনো বিচক্ষণতা বা উত্তেজনা কমানোর ইচ্ছা দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইরানই।”