আন্তর্জাতিক

৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ধ্বংসের দাবি সংযুক্ত আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ মঙ্গলবার (১০ মার্চ) ৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। খবর গালফ নিউজের। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মোট ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৮টি ধ্বংস করা হয়েছে এবং ১টি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়েছে।

এছাড়া, ৩৫টি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ২৬টি ধ্বংস করা হয়েছে এবং ৯টি ড্রোন দেশের সীমানার ভেতর পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৬২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪১টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৯টি সমুদ্রে পড়েছে, ২টি দেশের ভূখণ্ডে আঘাত হেনেছে।

একই সময়ে মোট ১ হাজার ৪৭৫টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৩৮৫টি প্রতিহত করা হয়েছে ও ৯০টি ড্রোন দেশের ভেতরে পড়েছে। এছাড়া ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিকসহ মোট ৬ জন নিহত হয়েছেন।

এছাড়া আরও ১২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কমোরোস, তুরস্ক, ইরাক, নেপাল, নাইজেরিয়া, ওমান, জর্ডান এবং ফিলিস্তিনের নাগরিকরা রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো হুমকি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।