আন্তর্জাতিক

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধ্বংস হবে বিশ্ব অর্থনীতি: ইরান

ইরান সতর্ক করে দিয়েছে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। আর এই দীর্ঘ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ‘ধ্বংস’ করবে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে এবং মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দেয়। তখন থেকে তেলের দাম বেড়েছে। ইরান - বিশ্বের তেলের এক পঞ্চমাংশ বহনকারী জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী ইস্যুতে হুমকি দিয়েছিলেন। তবে সেই হুমকি উপেক্ষা করে এই পথ দিয়ে যাতায়াতকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালাচ্ছে ইরান। বুধবার ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ দিয়ে এক লিটার তেলও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে পাঠানো যাবে না।

বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদী বিঘ্ন - যা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় এক-তৃতীয়াংশ সার বহন করে - বিশেষ করে এশিয়া ও ইউরোপে মারাত্মক অর্থনৈতিক ধাক্কা দেবে।

এই সংঘাত ইতিমধ্যেই উপসাগরীয় অর্থনীতির দুটি স্তম্ভ - জ্বালানি উৎপাদন এবং বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত করেছে।

সংঘাতের ১২তম দিনে ইরানের বিপ্লবী গার্ড ‘অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে’ লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে। এগুলোকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি স্বার্থের সাথে যুক্ত বলে মনে করে, যার ফলে আরো আন্তর্জাতিক সংস্থাগুলি দুবাই থেকে কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে “দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা বিবেচনা করতে হবে যা সমগ্র আমেরিকান অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করবে”, বিপ্লবী গার্ডের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা আলী ফাদাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন।