মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন তেল কোম্পানি এবং এদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর বোমা হামলার হুমকি দিয়েছে ইরান। শুক্রবার ইরানের তেল রপ্তানি বন্দর খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র হামলার কয়েক ঘণ্টা পরে তেহরান এই হুমকি দিয়েছে।
ইরানের খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে দাবি করে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শালীনতার কারণে, আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে, যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে হস্তক্ষেপ করার জন্য কিছু করে, তাহলে আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”
খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র খার্গ দ্বীপে মার্কিন হামলার বিষয়ে ট্রাম্পের দাবির জবাবে একটি বিবৃতি শেয়ার করেছেন।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মুখপাত্র বলেছেন, যদি ইরানের তেল অবকাঠামোতে আক্রমণ করা হয়, তাহলে ‘এই অঞ্চলজুড়ে তেল কোম্পানিগুলোর সমস্ত তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে ছাইয়ের স্তূপে পরিণত করা হবে।’