আন্তর্জাতিক

অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য নেতানিয়াহু সরকারের তোড়জোড়

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করায় ইসরায়েল অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য ৮২৭ মিলিয়ন ডলারের একটি জরুরি বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। 

রবিবার (১৫ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গত সপ্তাহান্তে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ২.৬ বিলিয়ন শেকেলের এই প্যাকেজটি অনুমোদন করেন। বিস্তারিত উল্লেখ না করে জানানো হয়েছে, এই অর্থ ‘নিরাপত্তা সরঞ্জাম ক্রয়’ এবং ‘জরুরি সামরিক প্রয়োজন’ মেটাতে ব্যবহৃত হবে।

সব মন্ত্রীদের কাছে পাঠানো এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যমে উদ্ধৃত অর্থ মন্ত্রণালয়ের একটি নথিতে বলা হয়েছে, ‘যুদ্ধের তীব্রতার কথা বিবেচনা করে’ এই অতিরিক্ত বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল।

নথিতে আরও বলা হয়েছে, “গোলাবারুদ সংগ্রহ, উন্নত অস্ত্র ব্যবস্থা ক্রয় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ মজুদ পুনরায় পূরণসহ একটি কার্যকর সামরিক সাড়া প্রদানের জন্য জরুরি ও তাৎক্ষণিক প্রয়োজন দেখা দিয়েছে।”

এতে আরও যোগ করা হয়েছে, এই পদক্ষেপটি ছিল একটি ‘ব্যতিক্রমী জরুরি সিদ্ধান্ত যার একমাত্র উদ্দেশ্য যুদ্ধের পরিচালনার ফলে উদ্ভূত প্রয়োজনগুলো মেটানো’।

প্রতিবেদন অনুসারে, এই তহবিলটি ২২২ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বাজেট থেকে নেওয়া হবে, যা ১২ মার্চ সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং ৩১ মার্চের মধ্যে নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) এটি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।