ইরান খুবই আগ্রহ নিয়ে আলোচনায় বসতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মতে, তেহরান এখনো আলোচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত নয়।
প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “ইরান খুবই মরিয়া হয়ে আলোচনায় বসতে চায়। তবে, তিনি মনে করেন না যে তারা এখনো যা করা দরকার তা করতে প্রস্তুত।”
তিনি বলেন, “আমার মনে হয় কোনো একসময় তারা আলোচনায় বসবে। ইরান পরিস্থিতি নিয়ে আমরা খুব ভালো অবস্থানে আছি।”
ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরো বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।
অন্যদিকে ইরান বলেছে, হরমুজ প্রণালি অন্য দেশের জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই পথ বন্ধ থাকবে।