আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের সহায়তা চান ট্রাম্প

হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের সহায়তা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “হরমুজ প্রণালী থেকে সুবিধা পাওয়া দেশগুলোর উচিত এই প্রণালী আবার চালু করতে সহায়তা করা।” কারণ তার মতে, ইউরোপ ও চীন পারস্য উপসাগর দিয়ে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

ডোনাল্ড ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “যে দেশগুলো হরমুজ প্রণালী থেকে সুবিধা পায়, তাদের এখন স্বাভাবিকভাবেই এই প্রণালী আবার চালু করতে সহায়তা করা উচিত। যদি অন্য দেশগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে নেটোর ভবিষ্যতের জন্য তা খুবই খারাপ।”

তার দাবি, যুক্তরাষ্ট্র তার ইউরোপিয়ান মিত্রদের প্রতি খুবই সহানুভূতিশীল।

ট্রাম্প বলেন, “ইউক্রেনকে সাহায্য করা আমাদের বাধ্যতামূলক ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। তবুও আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখার পালা যে তারা আমাদের সাহায্য করে কি না। কারণ আমি অনেক দিন ধরেই বলছি, আমরা তাদের জন্য থাকি, কিন্তু তারা আমাদের জন্য থাকে না। সত্যি বলতে আমি নিশ্চিত নই যে তারা সত্যিই আমাদের পাশে আছে কি না।”

এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছেন, যাতে তারা হরমুজ প্রণালী আবার খুলে দিতে এই যৌথ উদ্যোগে অংশ নেয়। এছাড়া, হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তাও চান ডোনাল্ড ট্রাম্প। 

ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এমন অবস্থায় ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যেসব দেশ উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল, হরমুজ প্রণালী রক্ষার দায়িত্ব মূলত তাদেরই। 

তিনি আশা করছেন, বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহনের পথ এই হরমুজ প্রণালী সচল রাখতে অনেক দেশই তাদের যুদ্ধজাহাজ পাঠাবে।