আন্তর্জাতিক

আগ্রাসনকারীদের মোকাবিলায় ইরান দ্বিধা করবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসনকারীদের মোকাবিলা করতে তার দেশ কোনো দ্বিধা করবে না। একইসঙ্গে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিরতার মূল উৎস হিসেবে অভিহিত করেছেন। 

ইরানের প্রেসিডেন্ট স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন। খবর ওয়ানা নিউজের। 

প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি ‘অবৈধ’ হামলা তুলে ধরে বলেন, আগ্রাসনকারীরা বেসামরিক স্থানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি ইরানের খারগ ও আবু মুসা দ্বীপে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে জানান, এই অভিযানগুলো পারস্য উপসাগরীয় বেশ কয়েকটি দেশের ভূখণ্ড ব্যবহার করে চালানো হয়েছে।

পজেশকিয়ানের মতে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ভূমি ও স্থাপনা ব্যবহার করতে দেওয়া আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি।

পজেশকিয়ান আরো যোগ করেন, ইরানের জাতি, সরকার এবং সশস্ত্র বাহিনী কখনোই উত্তেজনা বা সংঘাত চায়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান জনগণের সমর্থন ও জাতীয় সক্ষমতা নিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে ও বৈধভাবে তার আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষা করবে।

ইরানি প্রেসিডেন্ট এ অঞ্চলের অস্থিরতার জন্য ইসরায়েলের কর্মকাণ্ড- যার মধ্যে গাজা ও লেবাননে হত্যাকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকা দুটি যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করার জন্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশের অবস্থানের সমালোচনা করেন এবং তাদের আন্তর্জাতিক আইন ও আইনের শাসনের প্রতি অনুগত থাকার আহ্বান জানান।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো যুদ্ধ বন্ধ ও উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি হরমুজ প্রণালির পরিস্থিতি এবং হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষসহ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।