আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রথমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতজানু হওয়ার’ দাবি জানিয়েছেন। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এ কথা বলেছেন।

ওই কর্মকর্তা জানান, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর তার প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশন করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের জন্য ‘অত্যন্ত কঠোর ও গুরুতর’ অবস্থান নিয়েছেন। তবে অধিবেশনে সর্বোচ্চ নেতা নিজে উপস্থিত ছিলেন নাকি দূর থেকে অংশ নিয়েছিলেন, তা তিনি স্পষ্ট করেননি।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির’ প্রস্তাব পাঠিয়েছে। ওই কর্মকর্তা প্রস্তাবগুলো বা মধ্যস্থতাকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সর্বোচ্চ নেতা জবাবে বলেছিলেন, “যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু হয়ে পরাজয় স্বীকার করে এবং ক্ষতিপূরণ প্রদান করে, ততক্ষণ শান্তির জন্য এটি সঠিক সময় নয়।”

ইসলামী প্রজাতন্ত্রে রাষ্ট্রের সকল বিষয়ে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত।