আন্তর্জাতিক

ইরান জুড়ে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যেও ঈদ বরণে মানুষের ঢল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যেও ঈদুল ফিতরকে স্বাগত জানাতে ইরানের মসজিদগুলোতে বিশাল জনসমাগম হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ফার্স-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানের পবিত্র শহর মাশহাদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা মাজারে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন।

এ বছরের ঈদুল ফিতর উৎসবটি ইরানি নববর্ষ ‘নওরোজ’-এর সাথে একই সময়ে পড়েছে, যা ইসলামি এবং পারস্য ক্যালেন্ডারের একটি বিরল সমন্বয়।

ফার্স নিউজ জানায়, বেশ কয়েকটি শহরে এই জমায়েতগুলো পশ্চিমা বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে, যার মূলে রয়েছে দেশটির ওপর চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ।

আল-জাজিরার খবর অনুযায়ী, পবিত্র ঈদের দিনেও ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে।  গত কয়েক ঘণ্টায় রাজধানী তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান দিয়ে আঘাত হানা হয়েছে।

এছাড়া তেহরানের দক্ষিণে শহর-ই রে-তে বিমান হামলা বা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি তাবরিজ এবং ইসফাহানেও হামলার খবর পাওয়া যাচ্ছে।

এর প্রতিক্রিয়ায়, ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ৭০তম ধাপের হামলার ঘোষণা দিয়েছে।

ইরানি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে তেহরানের পক্ষ থেকেও পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।