আন্তর্জাতিক

ইসলামি দেশগুলোর ওপর চটেছে আরব আমিরাত

আরব ও ইসলামি দেশগুলোর ওপর চটেছে সংযুক্ত আরব আমিরাত। ‘দুঃসময়ে’ উপসাগরীয় আরব দেশগুলোকে সমর্থন করতে ব্যর্থ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা সোমবার ইসলামি দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ এক্স-এ পোস্ট করেছেন, “আরব লীগ এবং ইসলামি সহযোগিতা সংস্থার মতো প্রধান আরব ও ইসলামি কার্যকরী প্রতিষ্ঠানগুলো কোথায়, যখন আমাদের জনগণ ও জাতি এই বিশ্বাসঘাতক ইরানি আগ্রাসনের মুখোমুখি হচ্ছে? প্রধান আরব ও আঞ্চলিক দেশগুলো কোথায়?”

তিনি বলেন, “এই অনুপস্থিতি ও অক্ষমতার কারণে পরবর্তীতে আরব ও ইসলামি ভূমিকার অবক্ষয়ের কথা বলা বা আমেরিকান ও পশ্চিমা উপস্থিতির সমালোচনা করা অগ্রহণযোগ্য।”

তিনি আরো বলেন, “আরব উপসাগরীয় রাষ্ট্রগুলো সমৃদ্ধির সময়ে সকলের সমর্থক ও অংশীদার ছিল… তাহলে আজ দুঃসময়ে আপনারা কোথায়?”

গারগাশ এর আগে লিখেছিলেন, ইরানের হামলা  “ওয়াশিংটনের সঙ্গে আমাদের নিরাপত্তা অংশীদারিত্বকে আরো দৃঢ় করবে। এটাই ইরানের ভ্রান্ত হিসাব-নিকাশের মূল্য।”