ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করায় ন্যাটোর সদস্য ও দীর্ঘদিনের মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে ওয়াশিংটন ন্যাটোর পাশে নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে হতাশ হননি মধ্যপ্রাচ্যের মিত্রদের নিয়ে।
মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, “তারা তো ছিলই না। আমরা প্রতি বছর ন্যাটোর জন্য শতশত বিলিয়ন ডলার খরচ করি, তাদের রক্ষা করি এবং আমরা সব সময় তাদের পাশে থাকতাম। কিন্তু এখন, তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে মনে হয় আমাদের থাকার দরকার নেই, তাই না?”
তিনি বলেন, “তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব? তারা তো আমাদের পাশে ছিলই না।’”
ট্রাম্প সৌদি আরবের সমর্থনকে প্রশংসা করেন। তিনি বলেন, “আমি ন্যাটো নিয়ে খুব হতাশ হয়েছি, কিন্তু মধ্যপ্রাচ্যের আমাদের মিত্রদের নিয়ে হতাশ হইনি।”
যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস করছে’ উল্লেখ করে তিনি দাবি করেন, “ইরান চুক্তি করতে চাইছে।”
এর আগে ট্রাম্প ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোকে ‘কাওয়ার্ড’ বা কাপুরুষ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই জোট কেবল ‘কাগুজে বাঘ’।