আন্তর্জাতিক

ট্রাম্প যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যেতে চান: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ভ্যান্স জানান, যদিও যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ সামরিক উদ্দেশ্য অর্জন করেছে, ইরানের সরকারকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা নিশ্চিত করতে ট্রাম্প এই যুদ্ধ ‘আরো কিছুকাল’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট আরো কিছুকাল এটি চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময়ের জন্য আমাদের আর এটি করতে না হয়। আমাদের তাদের (ইরানি সরকারকে) দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় করে দিতে হবে, এবং এটাই এর উদ্দেশ্য।”

ভ্যান্স স্বীকার করেছেন, এই সংঘাতের ফলে পেট্রোলের দাম বেড়েছে। তবে তিনি জানিয়েছেন, জ্বালানির দাম শিগগিরই কমে আসবে। ‘এটি একটি স্বল্পমেয়াদী সংঘাতের জন্য খুবই সাময়িক একটি প্রতিক্রিয়া’- বলেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট এ বিষয়ে খুব স্পষ্ট: আমরা এক বা দুই বছর পরেও ইরানে থাকতে আগ্রহী নই।  আমরা আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি, শিগগিরই ওখান থেকে বেরিয়ে আসব এবং গ্যাসের দামও আবার কমে আসবে।”