যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিশর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চতুর্পাক্ষিক বৈঠকটি নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়েছে। রবিবার এই বৈঠক শেষ হয়েছে।
চতুর্দেশীয় বৈঠক শেষ হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ‘বর্তমান সংকটের মধ্যে সৌদি আরবের প্রদর্শিত উল্লেখযোগ্য সংযমের প্রশংসা করেছেন।’
শেহবাজ শরিফ সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে এও ‘আশ্বাস’ দেন যে, “পাকিস্তান সর্বদা সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।”
পারমাণবিক অস্ত্রধারী এই দক্ষিণ এশীয় দেশটি গত বছর সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসলেও, উদ্বেগ রয়েছে যে সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়, তবে পাকিস্তান মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘আঞ্চলিক পরিস্থিতি বিষয়ে সৌদি আরবের সর্বশেষ দৃষ্টিভঙ্গি’ তুলে ধরেন এবং উভয় দেশ ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান ঘনিষ্ঠভাবে সমন্বয় অব্যাহত রাখতে’ সম্মত হয়।