যেসব দেশ ইরানের উপর মার্কিন-ইসরায়েলি হামলায় সাহায্য করেনি তাদেরকে হরমুজ প্রণালি দখল নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প মাসব্যাপী এই যুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সকে বিশেষভাবে অসহযোগী হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “হরমুজ প্রণালির কারণে যেসব দেশ জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য, যারা ইরানের শিরশ্ছেদে জড়িত হতে অস্বীকার করেছে, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে: প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে প্রচুর আছে এবং দ্বিতীয়ত, কিছুটা বিলম্বিত সাহস সঞ্চয় করুন, প্রণালিতে যান এবং স্রেফ দখল নিয়ে নিন।”
মাসব্যাপী এই যুদ্ধ বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে, জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। এর কারণ প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল একরকম বন্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সকে ব্যঙ্গ করে ট্রাম্প লিখেছেন, “তোমাদের নিজেদের জন্য লড়তে শিখতে হবে, যুক্তরাষ্ট্র তোমাদের আর সাহায্য করবে না, ঠিক যেমন তোমরা আমাদের জন্য ছিলে না। কঠিন কাজটা হয়ে গেছে। যাও, নিজেদের তেল নিজেরাই জোগাড় কর।”