মধ্যপ্রাচ্যগামী একটি মার্কিন যুদ্ধবিমানগুলোকে সিসিলির একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করতে দেয়নি ইতালি। মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরএআই এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো সিগোনেলা ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বিমানগুলো আকাশে ওড়ার পরে এই অনুরোধ করা হয়েছিল।
আরএআই বলেছে, “কেউই অনুমতির জন্য অনুরোধ করেনি বা ইতালীয় সামরিক নেতৃত্বের সাথে পরামর্শ করেনি। বিমানগুলো আকাশে ওড়ার সময়ই পরিকল্পনাটি জানানো হয়েছিল এবং যাচাই করে দেখা গেছে যে এগুলো সাধারণ বা রসদবাহী ফ্লাইট ছিল না এবং তাই ইতালির সাথে করা চুক্তির আওতায় পড়ে না।”
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএন-কে এই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছেন, কিন্তু এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় থেকে বলা হয়, ইতালি “বিদ্যমান আন্তর্জাতিক চুক্তিগুলো সম্পূর্ণরূপে মেনেই কাজ করছে।”
ইতালির সংবাদ সংস্থা আনসা অনুসারে, সাধারণ রসদবাহী ফ্লাইটের জন্য মার্কিন বাহিনীর ইতালির সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি রয়েছে।
গত মাসে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, তখন ইতালি জানিয়েছিল, সাধারণ কার্যক্রমের বাইরে ইতালিতে অবস্থিত ঘাঁটিগুলোর যেকোনো মার্কিন ব্যবহারের জন্য সংসদীয় অনুমোদনের প্রয়োজন হবে।
সোমবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের সাথে সম্পর্কিত কোনো কার্যকলাপের জন্য দেশটি তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দেবে না।