আন্তর্জাতিক

ইরান-হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে আহত ৪

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলায় মধ্য ও উত্তর ইসরায়েলে অন্তত চারজন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বে অবস্থিত বনি ব্রাক শহরে আঘাত হানে, এতে স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ও বড় ধরনের পানি লিকেজের সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তেল আবিব, রামাত গান ও বনি ব্রাকের বেশ কয়েকটি এলাকায় বস্তুগত ক্ষতিও হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ এই হামলাকে ইরান ও হিজবুল্লাহর একযোগে চালানো হামলা হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়, একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিব এলাকার ১১টি স্থানে পড়েছে।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার পৃথক একটি বিবৃতি জানিয়েছে যে, তারা উত্তর ইসরায়েল ও সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনা ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, অধিকৃত হাইফা শহরের পূর্বে অবস্থিত কিরিয়াত আতা এলাকার অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উত্তর ইসরায়েলের মেতুলা এবং মালকিয়া বসতিতে ইসরায়েলি সেনা ও যানবাহনের সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবাননের কানতারা শহরের কাছে ঞ্জিজাল হিল-এ অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কামানের গোলাবর্ষণ করা হয়েছে। আইতা আল-শাব শহরের কাছে সদর এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ আরও জানায়, তারা য়ির’ন এবং আল-মালকিয়া বসতিতে রকেট বর্ষণ করেছে। এর ফলে বৃহস্পতিবার তাদের মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে। এছাড়া উত্তর ইসরায়েলের ইভেন মেনাখেম বসতিতে ড্রোন হামলা চালানোর কথাও গোষ্ঠীটি নিশ্চিত করেছে।