হরমুজ প্রণালি সুরক্ষিত করার জন্য প্রতিরক্ষামূলক ও সমন্বিত প্রচেষ্টার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন এই প্রস্তাবটি তৈরি করেছিল।
১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং পরিষদের দুই সদস্য (পাকিস্তান ও কলম্বিয়া) ভোটদানে বিরত ছিল।
কয়েক সপ্তাহব্যাপী আলোচনার পর খসড়া প্রস্তাবটি নমনীয় করা হয়। প্রথমে এটি সপ্তম অধ্যায়ের (যা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দিত) অধীনে ছিল, কিন্তু পরে সপ্তম অধ্যায়টি বাদ দিয়ে ‘রাষ্ট্রসমূহকে প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক উপায় ব্যবহারের অনুমোদন’ দেওয়া হবে যুক্ত করা হয়। প্রস্তাব হরমুজ প্রণালিতে ইরানের দখল অপসারণে প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করা হয়।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি এই বৈঠকে সভাপতিত্ব করেন।
ভোটের আগে তিনি পরিষদের সদস্যদের বলেছিলেন, এই খসড়াটি কোনো নতুন বাস্তবতা তৈরি করেনি, বরং এটি ইরানের বারবার ঘটে চলা বৈরী আচরণের একটি গুরুতর প্রতিক্রিয়া, যা অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, দর কষাকষির জন্য এই গুরুত্বপূর্ণ জলপথকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।
মঙ্গলবার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ার পরে আব্দুল লতিফ বলেছেন, “একটি অবৈধ আচরণের বিষয়ে পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, যার জন্য অবিলম্বে সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”