আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননেও কার্যকর করার দাবি অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, তার সরকার ‘দৃঢ়ভাবে বিশ্বাস করে’ যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ‘লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে’। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যালবানিজ বলেন, এই যুদ্ধবিরতি ছিল ‘সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’, তবে এটি একইসঙ্গে একটি ‘ভঙ্গুর শান্তি’, আমরা চাই এটি একটি চুক্তির দিকে নিয়ে যাক।"

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি অনেক অস্ট্রেলিয়ান লেবাননে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন। এটি কেবল সেখানকার প্রভাবের বিষয় নয়, বরং এটি সারা বিশ্বে যে প্রভাব ফেলছে সেটিও বিবেচ্য।”

একই দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যও। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্যানুযায়ী, গতকাল বুধবার ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত এবং আরো ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অন্যদিকে লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে ইরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে।