আন্তর্জাতিক

‘ইরানকে অস্ত্র দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তাদের ৫০ শতাংশ শুল্কের সম্মুখীন হতে হবে। রবিবার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, বেইজিং এমনটা করবে কিনা সে বিষয়ে তিনি সন্দিহান, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে যে তাদের এমন পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প বলেন, “আমি সংবাদে শুনছি যে চীন কাঁধে বহনযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে।

শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানকে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প বলেছেন, “তারা এমনটা করবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, কারণ তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি তারা এমনটা করবে না। হয়তো তারা শুরুতে অল্প কিছু করেছিল, কিন্তু আমি মনে করি না তারা আর করবে।”

ট্রাম্প বলেন, “কিন্তু যদি আমরা তাদের এমনটা করতে দেখি, তবে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে, যা একটি বড় অংক।”