আন্তর্জাতিক

মার্কিন সিনেটে ইসরায়েল নীতিতে বড় ফাটল

মধ্যপ্রাচ্য নীতি নিয়ে মার্কিন ডেমোক্র্যাট দলের ভেতরে গভীর ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) ইসরায়েলের কাছে সামরিক গ্রেডের বুলডোজার বিক্রি আটকে দেওয়ার একটি প্রস্তাবে রেকর্ড ৪০ জন মার্কিন সিনেটর পক্ষে ভোট দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোয়া নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষে প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হতে হলেও, এ ঘটনাটিকে নেতানিয়াহু সরকারের জন্য যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। 

জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের কাছে অস্ত্র ও সরঞ্জাম বিক্রি বন্ধে দুটি ‘যৌথ বিরোধী প্রস্তাব’ উত্থাপন করেছিলেন। রিপাবলিকান এবং কট্টরপন্থি ডেমোক্র্যাটদের বিরোধিতায় প্রস্তাব দুটি বাতিল হয়ে যায়।

এর মধ্যে একটি প্রস্তাব ইসরায়েলের কাছে ক্যাটারপিলার ডি-৯ সিরিজের ২৯ কোটি ৫০ লাখ ডলারের বুলডোজার বিক্রি বন্ধের জন্য আনা হয়েছিল। ৫৯-৪০ ভোটে প্রস্তাবটি বাতিল হয়। তবে ৪৭ জন ডেমোক্র্যাট সিনেটরের (দুই স্বতন্ত্রসহ) মধ্যে ৪০ জনই এই বিক্রির বিপক্ষে ভোট দিয়েছেন।

অন্য প্রস্তাবটি ইসরায়েলের কাছে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ‘বিএলইউ-১১০এ/বি’ বোমা বিক্রি বন্ধের লক্ষ্য ছিল। ৬৩-৩৬ ভোটে প্রস্তাবটি বাতিল হয়।

সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হোলেন যুক্তি দেন যে, এই সরঞ্জামগুলো ‘ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট’ লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে। গাজা, পশ্চিম তীর এবং লেবাননে ঘরবাড়ি ধ্বংস এবং বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতে এই সাঁজোয়া বুলডোজারগুলো ব্যবহার করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

ভোটের পর স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, “আজ ডেমোক্র্যাটিক ককাসের ৮০ শতাংশের বেশি সদস্য আমেরিকার জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এবং নেতানিয়াহুকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।”

দুটি প্রস্তাবই বাতিল হয়ে যাওয়ায় ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা গত দুই বছরে সিনেটে বিরোধিতার হার বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছেন। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাবের পক্ষে ১১ জন ডেমোক্র্যাট সিনেটর ও বিপক্ষে ১৭ জন ভোট দিয়েছিলেন। ২০২৫ সালের জুলাইয়ে পক্ষে ২৭ ভোট ছিল। আর এ বছর পক্ষে ৪০টি ভোট।  

রোয়া নিউজের তথ্যমতে, এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, মানবাধিকার সংস্থাগুলোর চাপ এবং মার্কিন ভোটারদের একটি বড় অংশের আপত্তির কারণে ওয়াশিংটনের দীর্ঘদিনের একচেটিয়া ইসরায়েল-সমর্থনে পরিবর্তন আসছে।

অন্যদিকে, রিপাবলিকান এবং প্রস্তাবের বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা মনে করেন, এই সহায়তা বন্ধ করলে ইসরায়েলের আত্মরক্ষার ক্ষমতা কমে যাবে এবং অঞ্চলটি আরো অস্থিতিশীল হয়ে উঠবে।