আন্তর্জাতিক

তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর দপ্তরের অভিযান, ক্ষোভ মমতার 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে আয়কর দপ্তর অভিযান চালিয়েছে তৃণমূল প্রার্থীর বাড়িতে।

শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে রাসবিহারী আসনের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেন। মূলত জমি সংক্রান্ত আর্থিক প্রতারণা মামলার তদন্তেই তার বাড়িতে এই অভিযান। 

দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ির পাশাপাশি তার নির্বাচনী কার্যালয়েও তল্লাশি চালানো হচ্ছে। প্রতিবাদে নির্বাচনী অফিসের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।    দেবাশিসের ঘনিষ্ঠ তৃণমূল নেতা কুমার সাহার অফিসেও অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। এর পাশাপাশি একটি রিয়াল এস্টেট সংস্থার সল্টলেক এবং কলকাতার বেশ কয়েকটি ঠিকানায় অভিযান চালাতে থাকে আরেকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্মকর্তারা। 

কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 

তার অভিযোগ, “আপনারা এখন কালো রুপি নিয়ে বাংলায় বসে আছেন। আর তৃণমূলের কংগ্রেসের দলের কার্যালয়ে অভিযান চালাচ্ছেন, দলের প্রার্থীদের বাড়ি গিয়ে অভিযান করছেন। আমার প্লেনে অভিযান চালাতে আসছে, নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল। সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ। ওদের বিসর্জন দিন।”

কোচবিহারে রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচারে কেন্দ্রকে নিশানা করে মমতার অভিযোগ, “ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দপ্তর- সবাইকে একপক্ষ করে দিয়েছে। এই জিনিস আমি কোনোদিন দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি সাতবার সংসদ সদস্য হয়েছি। কিন্তু এরকম প্রধানমন্ত্রী কখনো দেখিনি। আরেকজন মোটা ভাই। তোমরা বাংলাকে টার্গেট করেছ, বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে। বাংলাকে ইংরেজরা পারেনি। তোমরাও পারবে না। বাংলাই ভারতকে পথ দেখাবে। আগামী দিন বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবো।”

তৃণমূল নেত্রীর দাবি, “বিজেপি বাঙালি বিদ্বেষী। ওরা বাংলার মানুষকে পছন্দ করে না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়। বাংলার মানুষকে খুন করা হয়, বাংলার মানুষকে দেখে দেখে ভোট কাটা হয়।”

সভা থেকে মোদির উদ্দেশে তিনটি প্রশ্ন ছোড়েন মমতা। 

তার প্রশ্ন, “ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ কোটি মানুষকে চাকরি দেবেন? কিন্তু গত ১২ বছরে একটা লোককেও কি চাকরি দিয়েছে? নির্বাচনের আগে মোদি বাবু ১৫ লাখ রুপি করে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন। আপনারা কি একজনও পেয়েছেন? নোট বাতিল করে আপনি বলেছিলেন দেশে কালো রুপি ফিরিয়ে আনবেন, আপনি কারো রুপি ফিরিয়ে আনতে পেরেছিলেন?”