আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি ইরান

যুক্তরাষ্ট্রের সাথে এখনো দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি সূত্র।

সূত্র জানায়, ইরান মনে করে বার্তা বিনিময়ের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি পেশ করেছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেই দাবিগুলো প্রত্যাহার করাকে অন্যতম শর্ত হিসেবে রেখেছে ইরান।

তেহরান একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে তাদের শর্তগুলো জানিয়েছে।

সূত্রটি বলেছে, “আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে মার্কিন পক্ষকে দ্বিতীয় দফা আলোচনায় আমাদের অসম্মতির কথা জানিয়েছি।”

তেহরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে, তারা ফলপ্রসূ নয়, এমন দীর্ঘস্থায়ী আলোচনায় সময় নষ্ট করতে চায় না।