মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দুর্দান্ত মিত্র’ হিসেবে অভিহিত করে দেশটির ভূয়সী প্রশংসা করেছেন। রবিবার (১৯ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের সামরিক সক্ষমতা ও আনুগত্যের প্রশংসা করেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্দান্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”
তিনি আরও যোগ করেন, “তারা সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত ও উত্তেজনার মুহূর্তে অন্য অনেকে যেখানে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে কঠোর লড়াই করে এবং তারা জানে কীভাবে জিততে হয়!”
ট্রাম্পের এই প্রশংসাসূচক বার্তাটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। অথচ মাত্র একদিন আগেই ট্রাম্প ইসরায়েলকে লেবাননে বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়ে বলেছিলেন, “যথেষ্ট হয়েছে।” তবে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞার পরও শনিবার লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাম্প্রতিক সমালোচনার একটি পাল্টা জবাব হতে পারে। এর আগে কমলা হ্যারিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তিনি আমেরিকাকে ইরানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে টেনে নিচ্ছেন। হ্যারিসের সেই অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে ট্রাম্প ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন।