আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান কি আবারো যুদ্ধ শুরু করতে যাচ্ছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা কি আবারো যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? তেহরানের একজন শীর্ষস্থানীয় বিশ্লেষকের সাম্প্রতিক মন্তব্য এই আশঙ্কাকে আরো তীব্র করে তুলেছে।

তেহরানভিত্তিক ‘সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর সিনিয়র ফেলো আব্বাস আসলানি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘দুই ধরনের কৌশলের’ সম্মুখীন হচ্ছে।

আসলানি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রথম নীতিটি আপাতদৃষ্টিতে আলোচনার কথা বললেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। ইরানের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে- যুক্তরাষ্ট্র যদি সত্যিই একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হয়, তাহলে কেন তারা নতুন করে নৌ-অবরোধ আরোপ করছে, কেন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং কেন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করছে?”

তার মতে, “একদিকে আলোচনা কথা বলা আর অন্যদিকে নিষেধাজ্ঞা ও সামরিক শক্তি প্রদর্শন করা ভিন্ন কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত দেয়।”

আসলানির পর্যবেক্ষণে দ্বিতীয় বিষয়টি হলো সরাসরি চাপ ও হুমকির নীতি। তিনি বলেন, “বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তির (যুক্তরাষ্ট্র-ইরান এবং ইসরায়েল-লেবানন) সময়সীমা শেষ হওয়ার দ্বারপ্রান্তে। কিন্তু এখন পর্যন্ত এই চুক্তিগুলোর মেয়াদ বাড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং কেউই এই যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলছে না।”

আসলানি বলেন, বর্তমান পরিস্থিতিকে এভাবেও বোঝা যায় যে, উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কোনো আগ্রহ না দেখিয়ে একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে। এই অচলাবস্থা এবং কূটনৈতিক উদাসীনতা পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

আসলানি আল-জাজিরাকে স্পষ্ট করে বলেন যে, দুই পক্ষ যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনীহা প্রকাশ করতে থাকে, তাহলে এর পরিণতিতে সংঘাত পুনরায় শুরু হতে পারে।