রাত পোহালেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অবাধ ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রায় আড়াই লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।
এই নিয়ে বুধবার (২২ এপ্রিল) ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, একটি রাজ্যের নির্বাচনের জন্য দিল্লি থেকে বিপুলসংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্বার্থে করা হচ্ছে।
তিনি বলেন, “ওরা দুই লাখেরও বেশি বাহিনী নিয়ে এসেছে। আমাদের রাজ্যের কিছু পুলিশও এখন ওদের হয়ে কাজ করছে। যারা আগে আমাদের চিনত, তারা এখন বিজেপিকেই চেনে।”
ভোটারদের উদ্দেশে মমতা বলেন, “কারো কথায় কান দেবেন না, নিজের বিবেচনায় ভোট দিন। মিলিটারি বা পুলিশ যেন ছাপ্পা ভোট দিতে না পারে, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সসহ প্রায় সব ধরনের বাহিনী নামানো হয়েছে।
মমতা বলেন, “রাফায়েল বিমান ছাড়া প্রায় সবকিছুই নামানো হয়েছে। যুদ্ধের সাজোয়া গাড়িও আনা হয়েছে। এত ভয় কিসের?”
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কি বিজেপিকে জেতানোর জন্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছেন? যদিও আমি সেনাবাহিনীকে সম্মান করি—ওরা দেশের সুরক্ষা দেয়।”
সবশেষে তিনি প্রশ্ন তোলেন, “সাজোয়া গাড়ি কেন আনা হয়েছে? গুলি চালানোর জন্য? মানুষ হত্যা করার জন্য? ভোট গণতন্ত্রের উৎসব, মৃত্যুর ময়দান নয়।”