ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আকাশভিত্তিক আরো অস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্থানীয় প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের আকাশভিত্তিক উন্নত অস্ত্র কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে এলবিট সিস্টেমস তাদের ‘আকাশপথে ব্যবহারের উপযোগী অস্ত্র ব্যবস্থায় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের’ প্রশংসা করে বলেছে, কোম্পানিটি ‘ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য গর্বিত’।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরো বলেছে, তাদের এই অত্যাধুনিক অস্ত্রগুলো ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথের আধিপত্য বজায় রাখবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিকে একটি ‘নিরাপত্তা দশকের’ প্রস্তুতি হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সংগ্রহ অধিদপ্তর জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হলো- বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী হওয়া এবং যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত রাখা।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তিটি ‘ইসরায়েলের গোলাবারুদ সরবরাহের স্বাধীনতা শক্তিশালী করার প্রচেষ্টার’ অংশ।
গাজায় চলমান গণহত্যার কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জোরালো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২২ এপ্রিল) জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৭২ হাজার ৬৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩২০ জনে।