ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির ওপর লাল রঙ নিক্ষেপ করেছে এক বিক্ষোভকারী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জার্মানির বার্লিনে এ ঘটনা ঘটেছে।
রেজা পাহলভি ইরানের সাবেক শাহ (রাজা ) মোহাম্মদ রেজার পুত্র। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবীদের হাতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন রেজা শাহ। রেজা পাহলভি বর্তমানে ওয়াশিংটনের আর্থিক সহায়তায় যুক্তরাষ্ট্রে আয়েসী জীবন-যাপন করছেন। তিনি ইরানের শত্রু ইসরায়েলের কট্টর সমর্থক।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, মধ্য বার্লিনে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সাথে অপেক্ষারত গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন রেজা। ওই সময় এক বিক্ষোভকারী এগিয়ে এসে তরল পদার্থটি ছুঁড়ে মারেন, যা রেজার ঘাড়ের পেছনে ও কাঁধে গিয়ে লাগে।
পুলিশ সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নিয়েছে। এরপর রেজা তার গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
এর আগে দিনের শুরুতে, রেজা ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এই সামরিক অভিযানকে বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করার জন্য প্রয়োজনীয় একটি ‘মানবিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, “শাসকতন্ত্রের অবকাঠামো এবং এর দমনমূলক উপাদানগুলোকে লক্ষ্যবস্তু করাটা এমন একটি বিষয় ছিল, যার জন্য ইরানের জনগণ প্রকৃতপক্ষে আহ্বান জানিয়েছিল।”