আন্তর্জাতিক

‘অহেতুক কথার জন্য’ প্রতিনিধিদের ১৮ ঘণ্টার বিমানযাত্রা করতে দেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অহেতকু কথা বলার তিনি তার জামাতা এবং মার্কিন বিশেষ দূতকে ১৮ ঘণ্টার সফরে পাকিস্তানে যেতে দেননি। 

শনিবার (২৫ এপ্রিল) ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি আয়েশা হাসনিকে তিনি এ কথা বলেছেন।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ধারণা করা হচ্ছিল, তিনি সেখানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে শনিবার মার্কিন প্রতিনিধি দল যাওয়ার আগেই পাকিস্তান ছেড়ে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ট্রাম্প জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের সঙ্গে আলোচনার জন্য আর পাকিস্তানে যাচ্ছেন না।

তিনি বলেছেন, “আমার লোকজন রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং কিছুক্ষণ আগে আমি তাদের বলেছি, না, তোমরা সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট করছ না। সব ক্ষমতা আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু তোমরা আর কোনো অহেতুক কথা বলার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইটে যাচ্ছ না।”