আন্তর্জাতিক

পারস্য উপসাগরে বিদেশি শক্তিগুলোর অবস্থান পানির নিচে: খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারস্য উপসাগরে ‘বিদেশি শক্তিগুলোর’ অবস্থান পানির নিচে। এছাড়া তাদের আর কোনো স্থান নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল খামেনির এই লিখিত বার্তা প্রচার করেছে।

বাবার হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার সাত সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরানিরা এখনো মোজতবা খামেনিকে দেখেনি বা তার কোনো কথা শোনেনি। কিন্তু তিনি বেশ কয়েকটি লিখিত বার্তা দিয়েছেন।

একটি কথিত বিবৃতি অনুসারে তিনি বলেছেন, “আমরা এবং পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ওপারে আমাদের প্রতিবেশীরা একই ভাগ্যের অংশীদার। বিদেশি শক্তিগুলো- যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভী উদ্দেশ্য নিয়ে আসে- পানির তলদেশ ছাড়া এখানে তাদের কোনো স্থান নেই।”

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বার্তায় খামেনি বলেছেন, ইরান ‘আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থার’ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘সুরক্ষিত’ রাখবে- যা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির মূল বিতর্কিত বিষয়।

বৃহস্পতিবারের এই বার্তাটি এমন এক সময়ে এসেছে যখন সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিচ্ছেন এবং এটিকে যুদ্ধ শেষ করার জন্য ইরানকে আলোচনা পুনরায় শুরু করতে বাধ্য করার প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন।