আন্তর্জাতিক

ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান থেকে পাঠানো ১৪ দফার নতুন শান্তি প্রস্তাবটি পর্যালোচনা করছেন। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ‘খারাপ আচরণ’ করে তাহলে ওয়াশিংটন পুনরায় বিমান হামলা শুরু করতে পারে।

স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডায় এয়ার ফোর্স এয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। রবিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

হামলা আবার শুরু হবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা যদি খারাপ কিছু করে, তাহলে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো যোগ করেন, যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ আছে। তার দাবি, কয়েক মাসের সংঘাত ও নৌ অবরোধে ইরান ‘বিধ্বস্ত’ হয়ে যাওয়ায় তারা এখন একটি মীমাংসার জন্য মরিয়া হয়ে উঠেছে।

পরবর্তীতে ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে বলে কল্পনা করা কঠিন। কারণ তেহরান ‘গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের প্রতি যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি’।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের মূল দাবিগুলো হলো- যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, বাজেয়াপ্ত করা সব সম্পদ ফেরত দেওয়া। শান্তির শর্তাবলি চূড়ান্ত করতে ৩০ দিনের একটি সময়সীমা নির্ধারণ।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মাঝে এই কূটনৈতিক তৎপরতাটি একটি ভঙ্গুর তিন সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে এলো।

যুদ্ধবিরতি চললেও, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শনিবার জানিয়েছে যে, তারা পুনরায় যুদ্ধ শুরু হওয়ার বিষয়ে ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। পূর্ববর্তী চুক্তিগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিহীনতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।

নৌ অবরোধকে ট্রাম্প সম্প্রতি ‘খুবই লাভজনক ব্যবসা’ হিসেবে অভিহিত করায় উত্তেজনা আরো বেড়েছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালায় এই মন্তব্যের কড়া সমালোচনা করে একে ‘জলদস্যুতার এক জঘন্য স্বীকারোক্তি’ বলে অ্যাখ্যা দিয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন এবং জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের ট্রাম্পের সিদ্ধান্তের ফলে ন্যাটোর মিত্রদের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব- সব মিলিয়ে উত্তেজনার অবসান নিয়ে বর্তমান অচলাবস্থা আরো জটিল আকার ধারণ করেছে।