ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-এর অবস্থান শক্তিশালী হওয়ার আভাস মিলছে। গত ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলেছে তারা।
প্রাপ্ত তথ্যানুয়ায়ী, বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৯৩। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ৯৫।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।