আন্তর্জাতিক

নিজ আসন ভবানীপুরে ১৬ হাজার ভোটে এগিয়ে মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভবানীপুর আসনকে ঘিরে নাটকীয় লিড বদলের চিত্র দেখা যাচ্ছে। কয়েক দফা এগিয়ে-পিছিয়ে থাকার পর বর্তমানে নিজ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই আসনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পঞ্চম রাউন্ডের ভোট গণনা শেষে ভবানীপুরে মমতার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৯৪২, অন্যদিকে শুভেন্দুর প্রাপ্ত ভোট ৯ হাজার ২৩৬। গণনার শুরুর দিকে শুভেন্দু এগিয়ে থাকলেও, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের লিডে রয়েছেন তৃণমূল নেত্রী।

তবে, নন্দীগ্রাম আসনে শুভেন্দু ৩ হাজার ভোটে এগিয়ে আছেন।

রাজ্যজুড়ে চিত্রও প্রায় একইরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সর্বশেষ প্রবণতায় এগিয়ে রয়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। বিজেপি ইতিমধ্যে এই ম্যাজিক ফিগার পার করেছে।

বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ভারতীয় সময় বেলা ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯।