হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ 'প্রজেক্ট ফ্রিডম' সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
বুধবার (৬ মে) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্জিত সাফল্য এবং চলমান কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে অগ্রগতি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উদ্যোগটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তার দাবি, ইরান প্রকাশ্যে অনেক কথা বললেও তারা চুক্তি করতে চাচ্ছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপের প্রচেষ্টাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল’ বলে মন্তব্য করেছিল ইরান। এর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লা জাভানি।