সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা এখনো থমকে যায়নি। তবে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো ‘বড় ব্যবধান’ রয়ে গেছে।
শুক্রবার (৮ এপ্রিল) আল-জাজিরার তেহরান সংবাদদাতা রেসুল সরদারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত সমঝোতার প্রচেষ্টা ভেস্তে যাওয়ার ঘোষণা দেয়নি। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতি এখনো বহাল আছে; অন্যদিকে ইরান অভিযোগ করছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এটি লঙ্ঘন করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছেন। শোনা যাচ্ছিল যে, এই প্রস্তাবের জবাব গতকালই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠানোর কথা ছিল। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে, প্রস্তাবটি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক সংঘাত ও উত্তেজনা সত্ত্বেও কূটনৈতিক এবং মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। দুই পক্ষই একে অপরের সঙ্গে কূটনৈতিকভাবে যুক্ত থাকতে আগ্রহী।
ইরানের চূড়ান্ত জবাব পাওয়ার পর পরিস্থিতি আরো স্পষ্ট হবে। এখন পর্যন্ত কিছু আশাবাদের কথা শোনা গেলেও ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবি অযৌক্তিক ও অবাস্তব। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে বর্তমানে এক বিশাল ব্যবধান বিরাজ করছে।