ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সালফিউরিক অ্যাসিডের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বিভিন্ন শিল্প খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। রবিবার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, বিশ্বের সালফার চাহিদার একটি বড় অংশ পূরণ হয় পারস্য উপসাগরের তেল শোধনাগার এবং গ্যাস প্ল্যান্টগুলো থেকে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে এই অঞ্চল থেকে সালফারের সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই যুদ্ধের ঘটনাবলী বিশ্বব্যাপী সালফিউরিক অ্যাসিড সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে এর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ফসফেট সার উৎপাদন, তামা ও অন্যান্য ধাতু নিষ্কাশন, স্টিল ইন্ডাস্ট্রি, চামড়া শিল্প এবং রাবার ভলকানাইজেশনের মতো গুরুত্বপূর্ণ কাজে এই অ্যাসিড অপরিহার্য।
সংবাদমাধ্যমটির মতে, বৈশ্বিক সংকটের আরেকটি কারণ হলো এ মাসে সালফিউরিক অ্যাসিড রপ্তানির ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত।
অ্যাকিউটি কমোডিটিসের পরিচালক ও বাজার বিশেষজ্ঞ ফ্রিডা গর্ডন জানান, যুদ্ধের ফলে খাদ্য নিরাপত্তা ও সার বাজারের ওপর যে হুমকি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই বেইজিং এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “বেইজিংয়ের রপ্তানি সীমিত করার সিদ্ধান্তটি বাজারে সালফিউরিক অ্যাসিডের দাম আরো বাড়িয়ে দিচ্ছে এবং লভ্যতাকে আরো কঠিন করে তুলছে।”