আন্তর্জাতিক

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো প্রচেষ্টা ত্যাগ করবে। মঙ্গলবার (১২ মে) ডব্লিউএবিসি-এর ‘সিড অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় রয়েছে। মার্কিন প্রস্তাবের জবাবে চলতি সপ্তাহে ইরান যে প্রস্তাব দিয়েছিল ট্রাম্প তাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

মঙ্গলবার ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়- তিনি বিশ্বাস করেন কি না ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং বোমা তৈরি থেকে বিরত রাখা সম্ভব।

এর জবাবে ট্রাম্প বলেছেন, “তারা (ইরান) শতভাগ এটা বন্ধ করবে।”

তিনি জানান, আলোচনা চলাকালীন তিনি সরাসরি ইরানি কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন।

ট্রাম্প বলেন, “আমি তাদের সাথে কাজ করেছি এবং তারা বলেছে যে আমরা ধূলিকণা পেতে যাচ্ছি। আমি একে পারমাণবিক ধূলিকণা বলি কারণ এটি উপযুক্ত। এবং আমরা তা পেতে যাচ্ছি।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের দ্রুত কোনো চুক্তির দিকে এগোনোর প্রয়োজন নেই।

ট্রাম্প বলেন, “আমরা কোনো কিছুতে তাড়াহুড়ো করব না, আমাদের একটি অবরোধ রয়েছে।”