হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-বাহরাইন নতুন একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিয়েছে। তবে প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নিয়ে আপত্তি জানিয়ে এতে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে চীন।
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের সমালোচনা করে বলেন, “প্রস্তাবটির বিষয়বস্তু ও সময়, দুটিই সঠিক নয় এবং এ মুহূর্তে এমন কোনো প্রস্তাব পাস হলে তা পরিস্থিতি সমাধানে সহায়ক হবে না।”
শনিবার (১৬ মে) আলজাজিরার লাইভ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন পাতা বন্ধ করার দাবি জানানো হয়েছে। তবে কূটনীতিকরা জানিয়েছেন, ভোটাভুটিতে গেলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়তে পারে প্রস্তাবটি।
গত মাসেও একই ধরনের যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল চীন ও রাশিয়া। তাদের দাবি ছিল, প্রস্তাবটি ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।
জাতিসংঘবিষয়ক সংবাদমাধ্যম পাসব্লু প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও সাক্ষাৎকারে ফু কংকে এ প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা মনে করি না প্রস্তাবটির বিষয়বস্তু সঠিক, আর সময়টাও উপযুক্ত নয়।”
তিনি আরো বলেন, “এখন প্রয়োজন হলো উভয় পক্ষকে আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে আলোচনায় বসতে উৎসাহিত করা, যাতে সমস্যার সমাধান সম্ভব হয়।”
ফু কং বলেন, “এ পর্যায়ে কোনো প্রস্তাব পাস করা পরিস্থিতি সমাধানে সহায়ক হবে বলে আমরা মনে করি না।”