সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর আগুন লেগেছে। তবে এতে কেউ আহত হয়নি বা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি। রবিবার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছে, “আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলার কারণে আগুন লাগলে আবুধাবির কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়।”
এতে আরো বলা হয়, “কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর কোনো প্রভাব পড়েনি।”
আবুধাবি মিডিয়া অফিস বলেছে, “ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন নিশ্চিত করেছে যে, এই আগুন বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বা এর অত্যাবশ্যকীয় সিস্টেমগুলোর প্রস্তুতির ওপর কোনো প্রভাব ফেলেনি এবং সমস্ত ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে।”
ড্রোনটি কোন পক্ষের বা কাদের এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালানো শুরু করেছিল।