ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই মার্কিন প্রশাসনের আচরণ ও সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তৃতীয়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।”
শনিবার (৩০ মে) ইরানি বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
মোহসেন রেজাই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ। বর্তমানে তিনি দেশটির সর্বোচ্চ নীতি-নিধারণী পরিষদ ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিলের’ সদস্য।
রেজাই অভিযোগ করেন, ট্রাম্পের সাম্প্রতিক দাবি ও আচরণ প্রমাণ করে যে আলোচনার প্রতি তার কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, “নৌ-অবরোধ অব্যাহত রেখে ও আলোচনায় অতিরিক্ত দাবি উত্থাপন করে তিনি (ট্রাম্প) আবারো প্রমাণ করেছেন যে, আলোচনার প্রতি তার কোনো আগ্রহ নেই। তিনি অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন।”
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার এই মন্তব্যটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক একটি বক্তব্যের পর এলো। শনিবার সকালে সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়েছিলেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে তেহরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং সেই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
গত ৮ এপ্রিল থেকে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চললেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও বন্দর অবরোধ নিয়ে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।
আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা অমীমাংসিত রয়ে গেছে। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি।