ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১ জুন) মার্কিন সেন্টাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকম এটিকে ‘আত্মরক্ষমূলক’ হামলা হিসেবে বর্ণনা করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, শনিবার ও রবিবার ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে নিখুঁতভাবে এই হামলা পরিচালনা করা হয়।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় টহলরত একটি মার্কিন ‘এমকিউ-১’ ড্রোনকে ইরান ভূপাতিত করার পর এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। সেন্টকমের দাবি, ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাব দিতেই মার্কিন বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।
অভিযানের বর্ণনা দিয়ে সেন্টকম আরো জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো সফলভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, ধ্বংস হওয়া ড্রোন ও সামরিক অবকাঠামোগুলো ওই অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য স্পষ্ট হুমকি তৈরি করছিল।