আন্তর্জাতিক

আলোচনার পথ খোলা, কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না: ইরানের ডেপুটি স্পিকার

যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে আস্থা না থাকলেও দেশটিতে প্রয়োজনে আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার মোজতবা নিকজাদ। 

বুধবার (৩ জুন) ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

ইরানের সংসদের এই নেতা বলেন, “আমরা শুধু যুদ্ধই করি, কোনো আলোচনা করি না- এমনটি বলা সঠিক নয়।”

নিকজাদ ইরানের যুদ্ধকালীন সংকটের বিষয়ে বিদেশি গণমাধ্যমের দাবিগুলো নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সংঘাতের চরম মুহূর্তেও ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, যাদের অনেকেই দেশের উত্তরাঞ্চলে চলে গিয়েছিল। তবে সরকারের সুব্যবস্থাপনার কারণে মৌলিক পণ্য, রুটি বা বাসস্থান নিয়ে কাউকে কোনো সমস্যায় পড়তে হয়নি।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী নিকজাদ বলেন, “সর্বোচ্চ নেতা (মোজতবা খামেনি) যে ‘রেড লাইন’ নির্ধারণ করে দিয়েছেন, তা আমাদের এজেন্ডায় রয়েছে। আমরা প্রয়োজনে আলোচনা করব, কিন্তু মার্কিনিদের কোনো প্রতিশ্রুতি বিশ্বাস করি না। তারা আমাদের বিরুদ্ধে খুব নৃশংসভাবে অপরাধ ঘটিয়েছে।”

মার্কিন আগ্রাসনের প্রমাণ হিসেবে তিনি দুটি ঘটনার কথা উল্লেখ করেন। এর একটি হলো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি টাওয়ারে দুজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা এবং অন্যটি হলো চলতি বছরের ফেব্রুয়ারিতে হরমুজগান প্রদেশের মিনাবের ‘শাজারেহ তাইয়্যেবাহ’ প্রাথমিক বিদ্যালয়ে চালানো ভয়াবহ হামলা। ইরানি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী নিহত হন।

তাসনিম জানিয়েছে, ইরানের বিচার বিভাগের প্রধান আলাদা এক বক্তব্যে বলেছেন, “শত্রুর কাছে এক ইঞ্চিও মাথা নত না করার বিষয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে কোনো দ্বিমত নেই।”