ট্রানজিট টোল নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর পরিষেবা ফি আরোপের চেষ্টা করবে ইরান। বৃহস্পতিবার (৪ জুন) আধা-সরকারি ইরানি সংবাদমাধ্যম ‘মেহর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরান “যাতায়াত ফি, ট্রানজিট শুল্ক বা ট্রানজিট অধিকার বাবদ কোনো অর্থ আদায়ের চেষ্টা করছে না।”
কাজেম জানান, এর পরিবর্তে ওমানের উপকূলে সম্পাদিত পরিষেবাগুলোর জন্য ক্ষতিপূরণ চাইবে ইরান, যার মধ্যে রয়েছে নৌচলাচলে সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার, নিরাপত্তা ও সুরক্ষা পরিষেবা এবং দূষণের ক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্নতার পরিষেবা।
তিনি বলেন, এই কৌশলগত জলপথটি “সম্পূর্ণরূপে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক আইন এবং সমুদ্র আইন অনুসারে” এই প্রণালির ওপর ওই সরকারগুলোর সার্বভৌমত্ব রয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যে ব্যবস্থাগুলোর খসড়া তৈরি করা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, তবে তিনি স্বীকার করেন যে ‘এগুলো কিছু দেশের কাছে শতভাগ সন্তোষজনক নাও হতে পারে।’