যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। রুশ প্রেসিডেন্টকে লেখা একটি খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি বলেছেন, ইউরোপের যুদ্ধ আবারো যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত ‘শুধু অপেক্ষা করাটা ভুল হবে।’ ইউক্রেন ও রাশিয়ার ‘মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই’ শান্তি আসতে পারে।
তিনি প্রস্তাবিত আলোচনা চলাকালীন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন - যা পুতিন বৃহস্পতিবার নাকচ করে দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, দুই নেতার সাক্ষাৎ হলে ‘খুব ভালো হবে’ বলে তিনি মনে করেন।
ক্রেমলিন চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিটির সুর ছিল উদ্ধত, এমনকি বিদ্রূপাত্মক। এতে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘২৬ বছর ক্ষমতায় থাকার পর, বয়সের প্রভাব পড়তে শুরু করেছে’ পুতিনের ওপর।
চিঠিতে বৈঠকের প্রস্তাব দিয়ে বলা হয়েছে, “ইউক্রেন আমাদের এবং আপনাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি।”
ইউক্রেনের নেতার পক্ষ থেকে এটি কোনো নতুন প্রস্তাব নয়। আগের মতোই ক্রেমলিন জবাব দিয়েছে , জেলেনস্কি মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।
সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, দৃশ্যত চিঠির বিষয়বস্তু না দেখেই পুতিন বলেছেন, তিনি ‘ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে অবশ্যই প্রস্তুত ও ইচ্ছুক।’ তবে এর জন্য ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে।