জর্ডান, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালির আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বুধবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালির কাছে ইরানি হামলায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার কথা বলার পর এই পাল্টাপাল্টি হামলাটি ঘটে। নতুন করে এই হামলা এপ্রিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে অন্যতম উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধি হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, “আমি বিশ্বাস করি এর জবাব খুব জোরালো, খুব শক্তিশালী হওয়া উচিত এবং এটি ঠিক তাই।”
মার্কিন সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টারটি ভূপাতিত করার ‘আনুপাতিক জবাব’ হিসেবে তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে ইরানের গোলাগুলির ঘটনার মাত্র কয়েকদিন পরেই এই পাল্টাপাল্টি হামলাগুলো ঘটল। এই ঘটনা যুদ্ধ শেষ করার চুক্তির সম্ভাবনা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়েছিল।