আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলা ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের একাধিক শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে চালানো এই হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার সুবিধাদি ও বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ানা নিউজ। 

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তাদের অ্যারোস্পেস বাহিনী মার্কিন এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আল-আজরাক বিমান ঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে ১২টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

বিবৃতি অনুযায়ী, এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা স্থাপনাগুলো এবং ঘাঁটিতে অবস্থানরত উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, কারাজ ও নজরাবাদের কাছাকাছি একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স, একটি সামরিক ব্যারাকের মাঠ এবং পিশভা কাউন্টিতে অবস্থিত স্থানীয় আইআরজিসি ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতির শেষাংশে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড যতদিন অব্যাহত থাকবে, ততদিন ইরানের সামরিক অভিযানও চলবে।

এদিকে, ইরানের এই হামলার ক্ষয়ক্ষতি ও যুদ্ধবিমান ধ্বংসের দাবির বিষয়ে এখনো ওয়াশিংটন বা মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।