আন্তর্জাতিক

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং দুই পক্ষ একটি ‘শক্তিশালী সমঝোতা স্মারকে’ সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের। 

জর্জিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত একটি নির্বাচনি টেলি-র‌্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, “আপনারা শুনেছেন কি না জানি না, তবে আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, যে বিষয়টি আমরা জোরালোভাবে দাবি করেছিলাম; এটাই ছিল মূল উদ্দেশ্য। এটিই ছিল পুরো বিষয়টির ৯৫ শতাংশ।”

আজকের দিনের শুরুর দিকে ট্রাম্প ইরানের ওপর পরবর্তী হামলাগুলো বাতিল করার পর তার এই বক্তব্যটি এলো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিস্তারিত শর্তাদি উল্লেখ না করেই ইঙ্গিত দিয়েছিলেন যে, একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি সম্পন্ন হওয়ার দাবি করলেও ইরানের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম-এর তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এর আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।